Of Criminal Misappropriation of Property
অপরাধমূলক ভাবে সম্পত্তি আত্মসাৎ বিষয়ক
ধারা ৪০৩ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ
কোন লােক যদি অসাধুভাবে কোন অস্থাবর সম্পত্তি আত্মসাৎ করে বা তার নিজস্ব ব্যবহারে পরিণত করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ড-যার মেয়াদ দুই বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
উদাহরণ অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ
ক) ক সরল বিশ্বাসে গ-র সম্পত্তি গ-র দখল হতে নিয়ে যায়। এটা নিয়ে যাওয়ার সময় সে বিশ্বাস করে যে, ঐ সম্পত্তি তারই। ক চুরির অপরাধে অপরাধি নয়; কিন্তু ক তার বিচ্যুতি বুঝতে পারার পর অসাধুভাবে ঐ সম্পত্তি তার নিজস্ব ব্যবহার পরিণত করলে সে এই ধারার আওতায় অপরাধের জন্য অপরাধি।
খ) গ-র সঙ্গে ক-র বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দরুণ ক গ-র অবর্তমানে গ-র লাইব্রেরীতে যায় ও গ-র স্পষ্ট বিনা সম্মতিতে একটি বই নিয়ে যায়। এইক্ষেত্রে যদি ক-র এরূপ ধারণা হয়ে থাকে যে, তার ঐ বইটি পড়িবার লক্ষ্যে নিয়ে যাবার জন্য গ-র পরােক্ষ সম্মতি ছিল,তবে চুরি করে নাই। কিন্তু পরে ক বইটি তার নিজের উপকারার্থে বিক্রয় করলে সে এই ধারার আওতায় অপরাধের জন্য অপরাধি ।
গ) ক ও খ একটি অশ্বের যৌথ মালিক। ব্যবহার করার ইচ্ছায় ক অশ্বটি খ-র দখল হতে নিয়ে যায়। এইক্ষেত্রে যেহেতু ক-র অশ্বটি ব্যবহার করার কর্তৃত্ত্ব রয়েছে, সেহেতু সে এটা অসাধুভাবে আত্মসাৎ করে নি কিন্তু ক অশ্বটি বিক্রয় করলে ও সমস্ত বিক্রয়লব্ধ অর্থ নিজের ব্যবহারের জন্য আত্মসাৎ করলে সে এই ধারার আওতায় অপরাধের জন্য অপরাধি।
ব্যাখ্যা ১: কিছু সময়ের জন্য একটি অসাধু আত্মসাৎকরণও এই ধারা মােতাবেক আত্বসাকরণ বা তছরূপ বলে পরিগণিত হবে।
উদাহরণ
ক গ-র একটি সাদা সরকারি প্রমিসারী নােট দেখতে পায়। নােটটি গ-র অবগত হয়ে ক এটা ভবিষ্যতে কোন সময়ে গ-র কাছে প্রত্যার্পণ করার ইচ্ছায়, কোন মহাজনের কাছে এটা একটি ঋণের জামানত হিসেবে বন্ধক রাখে। ক এই ধারার আওতায় অপরাধ করে।
ব্যাখ্যা ২ : কোন লােক যদি অপর কোন লােকের দখল নেই দেখতে পেয়ে ঐ সম্পত্তি এর মালিকের পক্ষে সংরক্ষণ করা ও মালিকের কাছে প্রত্যার্পণ করার উদ্দেশ্যে গ্রহণ করে তা হলে সে লােক এটা অসাধুভাবে গ্রহণ বা আত্মসাৎ/তছরূপ করে নি ও এই ধারার আওতায় অপরাধ সংঘটন করে নি। কিন্তু যদি সে মালিককে চিনে বা এর মালিককে আবিষ্কার করার মত কোন উপায় থাকে, বা সে মালিককে আবিষ্কার করার বা মালিকের কাছে নােটিশ প্রদানের যৌক্তিক মাধ্যম ব্যবহার করার আগে ও মালিককে এর দাবি পেশ করার সুযােগ দেওয়ার জন্য যৌক্তিক সময়ের জন্য এটা সংরক্ষণের আগে এটা নিজের ব্যবহারের জন্য তছরূপ/আত্মসাৎ করে, তা হলে সে উপরে উল্লেখিত অপরাধের জন্য অপরাধি সাব্যস্ত হবে। অনুরূপ ক্ষেত্রে যৌক্তিক পদ্ধতি বা যৌক্তিক সময় কত দীর্ঘ হবে তা একটি আলােচ্য বিষয়।
আবিষ্কর্তার পক্ষে ঐ সম্পত্তির মালিক কে বা কোন বিশেষ লােক এর মালিক এই কথা জানার দরকার নেই। যদি সে সম্পত্তিটি আত্মসাৎ করার কালে এটা যে তার নিজস্ব সম্পত্তি নয় তা বিশ্বাস করে বা সরল মনে বিশ্বাস করে যে, প্রকৃত মালিককে খুঁজে পাওয়া সম্ভব নয়, তা হলে তাই যথার্থ হবে।
উদাহরণ সম্পত্তি আত্মসাৎ
ক) ক রাজপথের উপরে একটি টাকা দেখতে পায়। সে জানে না যে ঐ টাকার মালিক কে। ক টাকাটি কুড়িয়ে নেয়। এইক্ষেত্রে ক এই ধারার আওতায় অপরাধ করে নাই।
খ) ক রাস্তার উপর একটি পত্র দেখতে পায়। এর ভিতর একটি ব্যাঙ্ক নােট রয়েছে। পত্রের বিবরণ ও নির্দেশ মােতাবেক সে ব্যাংক নােটটির মালিক নাম জানতে পারে। সে নােটটি আত্মসাৎ করে। সে এই ধারার আওতায় অপরাধের জন্য অপরাধি সাব্যস্ত হবে।
গ) ক একটি বেয়ারার চেক দেখতে পায়। চেকটি কে হারিয়েছে, সে তা অনুমান করতে পারে না। কিন্তু যে লােক চেকটি কেটেছে তার নাম উল্লেখ রয়েছে। ক জানে যে, এই লােক তাকে যে লােকের জন্য চেকটি কাটা হয়েছে, তার বরাবর পৌছাতে পারবে। ক মালিকের খবর না করেই চেকটি আত্মসাৎ করে। এই ক্ষেত্রে ক এই ধারার আওতায় অপরাধের জন্য অপরাধি সাব্যস্ত হবে।
ঘ) ক গ-কে টাকাসহ একটি থলি ফেলতে দেখে। ক থলিটি গ-র কাছে প্রত্যার্পণকরার জন্য এটা কুড়িয়ে নেয়, কিন্তু পরে সে এটা তার নিজের ব্যবহারের জন্য আত্মসাৎ করে। ক এই ধারার আওতায় অপরাধের জন্য অপরাধি সাব্যস্ত হবে।
ঙ) ক টাকাসহ একটি থলি দেখতে পায়। কিন্তু থলিটি কার এটা সে জানে না। পরে সে অনুসন্ধান করে দেখল যে এর মালিক হল গ ও সে এটা নিজের ব্যবহারের জন্য আত্মসাৎ করে । ক এই ধারার আওতায় অপরাধের জন্য অপরাধি সাব্যস্ত হবে।
চ) ক একটি মূল্যবান আংটি দেখতে পায়। কিন্তু আংটিটির মালিক কে তা সে জানে না। ক এর মালিককে অনুসন্ধান করার জন্য চেষ্টা ছাড়াই তাৎক্ষণিক এটা বিক্রয় করে দেয়। ক এই ধারার আওতায় অপরাধের জন্য অপরাধি সাব্যস্ত হবে।
ধারা ৪০৪ কোন মৃত লােকের মৃত্যুকালে তার সম্পত্তি অসাধুভাবে আত্মসাকরণ
যদি কোন লোেক, কোন সম্পত্তি কোন লােকের মৃত্যুকালে ঐ মৃত লােকের আয়ত্ত্বে ছিল ও তখন হতে এরূপ সম্পত্তি আইনানুগতভাবে এটা দখল করার কর্তৃত্ত্ব সম্পন্ন কোন লােকের দখলে আসে নি বলে অবগত হয়ে এরূপ সম্পত্তি অসাধুভাবে আত্মসাৎ করে তা হলে সে লােক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে-দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযােগ্য হবে। আর যদি অপরাধি এরূপ লােকের মৃত্যুকালে তৎদ্বারা একজন কর্মচারি বা চাকর হিসেবে নিয়ােজিত থেকে থাকে, তা হলে কারাদণ্ডের মেয়াদ সাত বৎসর পর্যন্ত সম্প্রসারিত হতে পারে।
উদাহরণ - মৃত্যুকালে তার সম্পত্তি অসাধুভাবে আত্মসাকরণ
প আসবাবপত্র ও টাকা পয়সা দখলদার থাকাবস্থায় মারা যায়। তার কর্মচারি ফ ঐ টাকা পয়সা আইনানুগভাবে দখল করার কর্তৃত্ত্ব সম্পন্ন কোন লােকের দখলে আসার পূর্বে অসাধুভাবে আত্মসাৎ করে। ক এই ধারায় উল্লেখিত অপরাধ সংঘটন করেছে।