Of Currency Notes and Bank Notes
কারেন্সি নোট ও ব্যাংক নোট বিষয়ক
ধারা ৪৮৯ক কারেন্সী নোটগুলো বা ব্যাংক নোটগুলো জালকরণ
কোন লোক যদি, কোন কারেন্সী নোট বা ব্যাংক নোট নকল করে বা জ্ঞাতসারে এটা নকলকরণ প্রক্রিয়ার যে কোন অংশ সম্পন্ন করে, তা হলে সে লোক যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও তদুপরি জরিমানাদণ্ডেও দণ্ডিত হবে।
ব্যাখ্যা, এই ধারার ও ৪৮৯-খ, ৪৮৯-গ, ও ৪৮৯-ঘ ধারাগুলোর লক্ষ্য বাস্তবায়নার্থে “ব্যাংক নোট” বলিতে চাহিবা মাত্র বাহকে অর্থ প্রদানের জন্য পৃথিবীর যে কোন অংশে ব্যাংকিং ব্যবসায়রত যে কোন লোক দ্বারা ইচ্ছাকৃত বা যে কোন রাষ্ট্র বা সার্বভৌম কর্তৃপক্ষ দ্বারা বা তার কর্তৃত্ত্বাধীনে ইস্যুকৃত ও অর্থের সমকক্ষ বা প্রতিকল্পহিসেবে ব্যবহারের জন্য অভিপ্রেত কোন প্রমিসরী নোট বা অঙ্গীকারপত্র বুঝাবে।
ধারা ৪৮৯খ নকল বা মেকি কারেন্সি নোট বা ব্যাংক নোট খাঁটি বলে ব্যবহার করা
কোন লোক যদি, কোন নকল বা মেকি কারেন্সি নোট বা ব্যাংক নোট, এরূপ কারেন্সি নোট বা ব্যাংক নোট নকল বা মেকি বলে অবগত হয়ে বা তার এরূপ বিশ্বাস করার কারণ থাকার পরও অপর কোন লোকের কাছে বিক্রয় করে বা অপর কোন লোকের কাছ হতে ক্রয় বা গ্রহণ করে বা অপর কোন ভাবে খাঁটি বলে লেনদেন বা ব্যবহার করে, তা হলে সে লোক যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারেদণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযোগ্য হবে।
ধারা ৪৮৯গ কারেন্সি নোট নকল বা মেকি ব্যাংক নোট দখলে রাখা
কোন লোক যদি, কোন নকল বা মেকি কারেন্সি নোট বা ব্যাংক নোট এটা নকল বা মেকি বলে অবগত হবার পরও বা এটা তদ্রুপ বলে বিশ্বাস করার যৌক্তিক কারণ থাকার পরও ও এটা খাঁটি বলে চালানোর লক্ষ্যে বা এটা খাঁটি বলে চালানো যাবে- এই ইচ্ছায় তার দখলে এরূপ কোন নকল বা মেকী কারেন্সী নোট বা ব্যাংক নোট রাখে, তা হলে সে লোক যে কোন বর্ণনার কারাদণ্ডে-যার মেয়াদ সাত বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।
ধারা ৪৮৯ঘ কারেন্সী নোটগুলো বা ব্যাংক নোটগুলো নকল বা নকল করার যন্ত্র বা সামগ্রী তৈরী করা বা দখলে রাখা
কোন লোক যদি, কোন কলকব্জা, যন্ত্রপাতি বা উপাদান কোন কারেন্সী নোট বা ব্যাংক নোট নকল বা নকল করার কার্যে ব্যবহার করার লক্ষ্যে বা এটা এরূপ কার্যের জন্য অভিপ্রেত বলে অবগত হয়ে বা তার এরূপ বিশ্বাস করার যৌক্তিক কারণ থাকার পরও তৈরী করে, তৈরীর পদ্ধতির যে কোন অংশ সম্পন্ন করে বা ক্রয় বা বিক্রয় করে বা হস্তান্তর করে বা তার দখলে রাখে, তা হলে সে লোক যাবজ্জীবন কারাদণ্ডে বা যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ দশ বৎসর পর্যন্ত হতে পারে দণ্ডিত হবে ও এতদ্ব্যতীত জরিমানাদণ্ডেও শাস্তিযোগ্য হবে।
ধারা ৪৮৯ঙ কারেন্সী নোটগুলো বা ব্যাংক নোটগুলোর সদৃশ বস্তু তৈরী করা ও ব্যবহার করা
কোন লোক যদি এরূপ কোন বস্তু তৈরী করে বা তৈরী করায় বা যে কোন লক্ষ্যে ব্যবহার করে বা যে কোন লোকের কাছে হস্তান্তর করে, যা কোন কারেন্সি নোট বা ব্যাংক নোট বলে বুঝানোর বা এর সদৃশ্য হবার বা এই পরিমাণে সদৃশ্য হবার জন্য অভিষ্ট হয়, যেন প্রতারণা করা যায়, তা হলে সে লোক একশত টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডিত হবে।
২) যে লোকের নাম এমন কোন দলিলে দেখা যায়, যা প্রণয়ন করা উপধারা-(১) মোতাবেক অপরাধ বলে পরিগণিত হয়, সে লোক কোন পুলিশ অফিসার দ্বারা অনুরূপভাবে জিজ্ঞাসিত হয়ে, কোন আইনসম্মত কারণ ব্যতীত ঐ দলিলের মুদ্রণকারি বা অপর কোনভাবে প্রস্তুতকারক লোকের নাম ও ঠিকানা ব্যক্ত করতে অস্বীকার করে, তা হলে সে লোক দুইশত টাকা পর্যন্ত যেকোন পরিমাণ জরিমানা দণ্ডে দণ্ডিত হবে।
৩) যে দলিলের জন্য কোন লোক উপধারা-(১) মোতাবেক অভিযুক্ত হয়েছে, সে দলিলে, বা ঐ নথিপত্র সম্বন্ধে ব্যবহৃত বা বন্টনকৃত অপর কোন দলিলে, যে লোকের নাম বর্ণিত থাকবে, তা ভিন্ন প্রমাণিত না হওয়া পর্যন্ত ঐ লোক ঐ নথিপত্র তৈরী করা হয়েছে বলে ধরে নিতে হবে।